প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬, ১৮:৫৪
ডা. আরিফ উল হাসানের নতুন উদ্যোগ
শাহরাস্তিতে সম্পূর্ণ বিনামূল্যে ঠোঁটকাটা-তালুকাটা অস্ত্রোপচার

শাহরাস্তিতে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা (ক্লেফট লিপ ও ক্লেফট প্যালেট) রোগীদের সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা ও অস্ত্রোপচার কর্মসূচি শুরু হয়েছে। অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এ কর্মসূচির আওতায় রোগীদের অস্ত্রোপচারের পাশাপাশি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ, হাসপাতালে থাকা-খাওয়া এবং অস্ত্রোপচার-পরবর্তী 'স্পিচ থেরাপি' দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার উয়ারুক বাজারে অবস্থিত মেডিল্যাব হাসপাতাল অ্যান্ড ট্রমা সেন্টারে এই চিকিৎসা কর্মসূচির উদ্বোধন করা হয়। শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবু নাছের শাকিল কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
হাসপাতালের চেয়ারম্যান ডা. আরিফ উল হাসানের সার্বিক ব্যবস্থাপনায় প্রথম সেশনেই ২০ জন রোগীর অস্ত্রোপচার কার্যক্রম শুরু হয়। এফসিপিএস ও এমএস ডিগ্রিধারী অধ্যাপক ডা. মুহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ চিকিৎসক দল এসব অস্ত্রোপচার পরিচালনা করছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক বা এককালীন কোনো মেডিকেল ক্যাম্প নয়; বরং সারা দেশ থেকে আসা ঠোঁটকাটা ও তালুকাটা রোগীদের জন্য একটি স্থায়ী ও নিয়মিত সেবা। প্রতি তিন মাস পরপর কিংবা প্রতি সেশনে ১০ জন রোগী নিবন্ধিত হলেই অস্ত্রোপচারের আয়োজন করা হবে।
উদ্যোক্তা ডা. আরিফ উল হাসান বলেন, "প্রত্যন্ত অঞ্চলে চিকিৎসা সেবা দিতে গিয়ে জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা সমস্যায় আক্রান্ত অনেক শিশু ও মানুষের দেখা মেলে। আর্থিক অসচ্ছলতা ও তথ্যের অভাবে তারা এই চিকিৎসা নিতে পারেন না। এসব অসহায় রোগীর চিকিৎসার সুযোগ সৃষ্টি করা এবং শিশুদের মুখে স্বাভাবিক হাসি ফোটানোর লক্ষ্যেই আমাদের এই নিরবচ্ছিন্ন উদ্যোগ।"
প্রসঙ্গত, মানবসেবা ও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসক হিসেবে ডা. আরিফ উল হাসান ইতঃপূর্বেও বেশ আলোচিত হয়েছেন। ২০২৬ সালের এপ্রিলে এক নারীর পেট থেকে ৮ কেজি ২০০ গ্রাম ও জুন মাসে অন্য এক রোগীর পেট থেকে প্রায় ৩ কেজি ওজনের টিউমার সফলভাবে অপসারণ করেন তিনি। চলতি বছরের ৭ আগস্ট শাহরাস্তির একই হাসপাতালে ৩৬ বছর বয়সী এক নারীর পেট থেকে ৪ কেজি ৮০০ গ্রাম ওজনের একটি বিরল টিউমার বের করা হয়, যা ছিল ওই নারীর পেটে পঞ্চম অস্ত্রোপচার। এর আগে ২০২৪ সালে অস্ত্রোপচার ছাড়াই এক রোগীর পায়ুপথ থেকে আটকে থাকা ডাব বের করে তিনি দেশজুড়ে নজর কেড়েছিলেন।
শাহরাস্তিতে শুরু হওয়া এই স্থায়ী ও দাতব্য উদ্যোগের ফলে বিশেষ করে দরিদ্র পরিবারের জন্মগত ঠোঁটকাটা ও তালুকাটা শিশুরা নতুন জীবন পাবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় ও সুশীল সমাজের প্রতিনিধিরা।








