প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৩
খণ্ডে খণ্ডে অখণ্ড জীবন

(একষট্টিতম পর্ব)
|আরো খবর
আমার অকালপ্রয়াত বন্ধুরা :
জীবন হচ্ছে সখ্যের সমন্বয়; একাকী চলা জীবন নয়। জীবনের বাঁকে বাঁকে সুবন্ধুর দরকার হয়। অর্জুন কুরুক্ষেত্রে উৎরে গিয়েছিলেন তাঁর সখা কৃষ্ণের কারণে। মনমতো বন্ধু পাওয়া সৌভাগ্যের ব্যাপার। একজন হরিহর আত্মা বন্ধু পাওয়া আর স্বর্গ হতে ঐশী শক্তি পাওয়া সমান বলা যায়। আমার শৈশব-কৈশোর ও যৌবনে সতীর্থ, সহগামী ও সহপাঠী অনেক। কিন্তু তাঁদের সবাই বন্ধু নয়; বন্ধু হাতেগোনা মাত্র। তাঁরা আমার জীবনের রত্নগুহার মতো। তাঁদের সখ্যের দ্যুতি আমাকে সংকটে পথ দেখায়, নিঃসঙ্গতায় বাঙ্ময় হয়ে ওঠে। আমার সেই হাতেগোনা বন্ধুদের কেউ কেউ অকালে পাড়ি জমিয়েছে পৃথিবীর বাস ছেড়ে নক্ষত্র-নিবাসে। তাঁরা আজ ক্ষণায়ুর প্রাণ ছেড়ে মহাকালে চিরজীবী। তাঁদের সেই প্রাণবন্ত মুখগুলো আজও আমার ভাবনায় সখ্যের সুধা নিয়ে আসে।
আমার অকালপ্রয়াত বন্ধুর তালিকায় প্রথমেই নাম আসে মিহিরের। পুরো নাম মিহির কুমার দাস। চট্টগ্রামের পাথরঘাটা মহিম দাস রোডে তাঁর বাসা ছিল। সে আমার শৈশবের সতীর্থও বটে। সেন্ট প্ল্যাসিডস্ স্কুলে তাঁর সাথে আমার পরিচয়। উনিশশো উনআশি সালে সে আর আমি সেন্ট প্ল্যাসিডস্ স্কুলে প্রিপারেটরি ক্লাসে ভর্তি হই—কঠোর ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে। মিহিরেরা দুভাই। তাঁর বড় ভাই আমাদের চেয়ে দুই ক্লাস ওপরে পড়তেন। বড় ভাইয়ের তুলনায় মিহির ছিল কিছুটা গাঢ় বর্ণের; শ্যামা মায়ের শ্যামা ছেলে বটে। তাঁকে স্কুলে দিয়ে যেতেন মাসী। বনেদী স্কুলে ছেলেকে পৌঁছে দিতে এলে মাসীও সেভাবে তৈরি হয়ে আসতেন। সূর্যের আরেকটি প্রতিশব্দ মিহির—তা আমি ওই প্রিপারেটরি ক্লাসে জেনেছিলাম মিহিরের নাম হতে। মিহিরের দেহকাঠামোর তুলনায় তাঁর স্বরযন্ত্র ছিল বেশ শক্তিশালী। তাঁর কণ্ঠ তাই তাপনিষ্ঠ মিহিরের মতোই প্রবল ও প্রখর ছিল। মিহিরের হাতে বড় ডায়ালের একটা ঘড়ি বাঁধা থাকত যখন সে ওপরের ক্লাসে ওঠে। প্রিপারেটরি ক্লাসের পেন্সিল ছেড়ে চতুর্থ শ্রেণিতে গিয়ে তাঁর হাতে শোভা পেত হিরো ফাউন্টেন পেন। তাঁর হাতের লেখায় বর্ণগুলো কিছুটা বামে হেলে থাকত রিকেটসে ভোগা শিশুদের মতে। কিন্তু তাঁর একটা ঐকতানিক সৌন্দর্য ছিল। মনে হতো, সাদা মাঠে কালো সৈনিকেরা মার্চপাস্ট করতে করতে এগিয়ে যাচ্ছে সালাম জানানোর মঞ্চের দিকে। রেগে গেলে মিহির সে রাগ মুখে রাঙাত না মোটেই, তবে তাঁর কণ্ঠস্বরে নিয়ে আসত অস্বস্তি আর স্বরের অসন্তোষ। সে ছিল মেধাবী। তাই তাঁর স্থান থাকত শীর্ষ তিনে। প্রিপারেটরি ক্লাসের বার্ষিক পরীক্ষায় সে দ্বিতীয় হয়ে নিজেকে প্রমাণ করেছে জীবনভোরের অরুণরাঙা আশার মতো। কিন্তু কখন যে তাঁর পেটের ভেতর ধীরে ধীরে বেড়ে উঠছিল শত্রুর বীজ, তা আর বুঝতে পারা গেল না। মিহিরের যকৃত বা লিভার আক্রান্ত হলো হানাদারী কীটাণুতে। সে ভাইরাসের দাপটে রুগ্ন হলো মিহির, স্ফীত হয়ে গেল তাঁর পেট সর্বনাশা ভাইরাসের বংশকে পুষেপালন করে। অষ্টম শ্রেণিতে আমি চলে আসি কলেজিয়েট স্কুলে। তার আগেই মিহির চিকিৎসার কারণে অনিয়মিত হয়ে পড়ে ক্লাসে। এরপর একদিন শুনি, আমাদের মিহির আকাশের তারা হয়ে গেছে অকালে জীবন হতে ঝরে।
মিহিরের পরে তারা হয়ে যায় মিজান। কলেজিয়েট স্কুল হতে চট্টগ্রাম কলেজ পর্যন্ত তাঁর সাথে আমার পড়ার সুযোগ হয়েছে। তখনই সে ছিল নায়কসুলভ সৌন্দর্যের অধিকারী। তাই তাঁকে নাম দেওয়া হয়েছিল ইলিয়াস কাঞ্চন। তাঁর দক্ষতা ছিল ক্রিকেটে। ব্যাকরণসম্মত মারকুটে ব্যাটিংয়ের পাশাপাশি তাঁর মিডিয়াম পেসেরও বিষ ছিল কড়া। আর ছিল নেতৃত্বের সহজাত গুণাবলি। মেয়েরা মিজানে মুগ্ধ আর বন্ধুরা মিজানে বুঁদ। তাঁর বড় বোন ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক। তাঁকে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে গিয়ে পাই। তিনি ডা. নাজমুন্নাহার; আমাদের বায়োকেমিস্ট্রি পড়াতেন। যখন আমি নাজমুন্নাহার ম্যাডামকে চিনে উঠি, তখন মিজান আর ভূমিতে নেই—আছে স্মরণে ও স্মৃতিতে। চট্টগ্রাম কলেজে পড়াকালীন কোনো এক বর্ষণমগ্ন রাতে নিজে গাড়ি চালিয়ে বন্ধুদের নিয়ে ভ্রমণে বের হয়ে সে নাই হয়ে গেল দুর্ঘটনার অশুভ চক্রে। যৌবনের জোশে অতিরিক্ত গতিতে গাড়ি চালাতে গিয়ে মিজানের গাড়ির চাকা উড়ে গেল বাতাসে, আর মিজান হয়ে গেল আকাশগঙ্গায় অকালেই তারা। সম্ভাবনাময় মিজান চোখ বন্ধ করলেই দুষ্টুমিমাখা হাসি নিয়ে চলে আসে চোখের পাতায়।
পুলক ছিল খুবই শান্ত-সুবোধ ছেলে, ঠিক যে রকম ছেলের জন্যে বাবা-মায়েরা আরাধনা করেন। সেন্ট প্ল্যাসিডস্ স্কুল ও চট্টগ্রাম কলেজে সে আমার সহপাঠী ছিল। তারপর সে চলে যায় ফয়’স লেকের সামনে ইউএসটিসিতে ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে। তাঁর একটা মজার শখ ছিল—দেশ-বিদেশের ডাকটিকিট জমানো। ডাক্তার হওয়ার পরেও তাঁর এ শখের পাখা সে গুটোয়নি; বরং আরও পরিণত হয়ে তা সমৃদ্ধ হয়ে উঠেছিল। কোনো এক সন্ধ্যায় পুলকের বুকে শুরু হলো ব্যথা। রাত গভীরে পুলক হয়ে গেল মহাজীবনের বাসিন্দা। মৃত্তিকার পৃথিবী তাকে আর আটকাতে পারেনি। অনন্ত নক্ষত্রবীথিতে সে হয়ে গেল এক অনির্বাণ বিন্দু। তৃতীয় শ্রেণিতে পড়াকালীন বৌদ্ধধর্মের ক্লাসে তাকে পাই, কিঞ্চিৎ দুষ্টুমির নবীন শাখামৃগরূপে। মসৃণ পাকা মেঝেতে সাদা খাদিমের কেডসের জুতোতে স্কি করত এস্কিমোদের আদলে। দুরন্ত আরবি ঘোড়ার চিঁহি চিঁহি আওয়াজ তুলে মেঝে ও জুতোর দ্বৈরথে আমাদের কানে শব্দের উৎসব লেগে যেত। সেই পুলক, জগতের সকল পুলক ভুলে, বন্ধুবাৎসল্যের পুলককে তুচ্ছ করে স্বর্গের পুলকে মেতে উঠল বড্ড অসময়ে, মানবসেবার হোয়াইট কোটকে পাশ কাটিয়ে।
সাদামাটা মোস্তফা ছিল বাঁশখালীর ছেলে। কলেজিয়েট স্কুল থেকে সখ্য। ভদ্র হলেও স্কুলের সুনামকে জিইয়ে রাখা এক শাখামৃগ বটে। চরণে বা আচরণে নয়, তাঁর দুষ্টুমি ছিল দুরন্ত বচনে। চিকিৎসা বিজ্ঞানের ডিগ্রি শেষে কর্মজীবনে কক্সবাজারে গিয়ে তাঁকে পেয়ে বসল হতাশায়। যে রোগীর আয়ু বাড়িয়ে তুলত, সে নিজেই নিজেকে সঁপে দিল অল্পায়ুর কোলে। মোস্তফা জীবনের অভিলাষকে করায়ত্ত করতে গিয়ে হাতছাড়া হয়ে গেল পিতৃদত্ত প্রাণ।
হাসান ছিল হাসিখুশি যুবক, যার বড় হওয়ার স্বপ্ন ছিল হিপোক্রেটিসের শপথ শেষে। প্রাপ্তবয়স্ক কৌতুকের ভাণ্ডারী আমাদের হাসান রক্তরোগে নিজেই আক্রান্ত হয়ে করোনাকালে বিদায় জানায় পৃথিবীকে। তাঁর প্রস্থান পৃথিবীকে সমৃদ্ধ করেনি মোটেও, বরং রিক্ত হয়ে গেছে প্রযত্ন পঁয়ত্রিশ।
অকালে প্রয়াত হওয়ার এ তালিকায় আরও আছে শিব্বির, যে হাই স্কুলের গণ্ডি পার হতে পারেনি। টেরিবাজারের রাজু নন্দীও সীমানা পেরোনোর কিছুদিন পরে ঊর্ধ্বে উঠে গেছে অজানা কারণে। বিদেশি ছাত্রের কোটায় ডাক্তার হওয়া তৌফিকও হারিয়ে গেছে চিরকালের জন্যে; যেমনটা হারিয়ে গেছে কলেজ পার করে হুজাইফা মান্ডিওয়ালা। শৈশবে সৌন্দর্যের কারণে তাকে দিয়ে পুষ্পস্তবক অর্পণ করানো হতো অতিথিবর্গের হাতে, আর কলেজে ওঠার আগেই তাঁর মাথা কেশ হারিয়ে হয়ে গেল অজানা কারণে গড়ের মাঠ। এখনও মনের মাঝে বাসা গেঁড়ে আছে মান্ডিওয়ালার অপ্রতিম নিষ্পাপ মুখচ্ছবি। যাঁরা অনন্ত নক্ষত্রবীথিতে মিশে আছে, তাঁরা ভালো থাক। (চলবে)





