সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯

দেবদাস কর্মকারের কবিতা

অনলাইন ডেস্ক

জানি না তো পরাজিত কি না

কখনো কখনো ক্লিষ্ট অন্তরে হেঁটে যাই বহুদূরে

ছড়ানো ছিটানো ভাঙা পথ ঢেকে যায় কুয়াশা চাদরে

শাসন না মানা বুনো ঘাস, পা ভিজে আছে শিশিরের জলে

পরাজিতের মতো এলোমেলো মন

আমার মুখের উপর সকালের রোদ

চোখের পাতায় শীতের বিন্দু, কত চেনা নদী

ধনচের বন নিচে রেখে একঝাঁক বক উড়ে যায় দূরে

চারিদিকে এতো কিছু তবু কেন যেন মনের ভেতরে ভস্মাধার

কী একটি ঔদাসীন্যে ভরে আছে চারদিক!

কেন যেন পরাজিত হয়ে আছি

নেপথ্যে আছে প্রিয়জন

তিমিরান্তিক রাতেও চাঁদ উঠেছিলো কাল

নদীর নিশ্বাস ছিলো বুকে

খুব চুপিচুপি শুনেছি সেদিন আকাশতীরের কথা

দু চোখে দেখেছি জ্যোৎস্নার বুনো রঙ

বুকের মধ্যে নদীর ক্লান্ত শ্বাস

জড়িয়ে আছি যেন রৌদ্রছায়া জালে

তোমার কথা কি মনে পড়ে আর!

জানি না তো পরাজিত কি না

নিজেরই হিম কফিন ছুঁয়ে দেই যেন শেষ অঙ্কে এসে।

২১ নভেম্বর ২০২৬, ঢাকা, ৬ অগ্রহায়ণ ১৪৩৩।

ভারী হয়ে আসে গোধূলির আসর

বুকের বাতাস ভারী হয়ে আসে যখোন

আরো গভীরে কোথায় যেন ঝিঁঝিঁ পোকা ডাকে

চারদিকে কতো শত মানুষ পোকার মতো কিলবিলে

নিরীহ ক্লান্ত মনে চোখ মেলে চাই

বদলে যায় কতো দৃশ্যপট, ধেয়ে আসে অন্ধকার

সকালের নদীর কাছে যাই মেঘে ঢেকে আছে সূর্য

ওড়ে সুদর্শন পোকা, বলি কে আছো আলোর ফেরিওয়ালা

ছড়িয়ে দাও বিশ্ব জুড়ে ফুলের সুরভি রেণুর আভরণ ।

আমার আত্মজা কোন অন্ধ আস্বাদন যেখানে প্রখর

ফিরে যাও

তুলে নাও ঠোঁটে পূর্ণপাত্র অমৃত-নির্যাস

পৃথিবীর সব মাধুরি সব সুন্দরের ডালি

সাজিয়ে বসে আছেন ঈশ্বর--পাতো হাত

নাও নাও নাও সব আশীর্বাদ,

আমার সময় চলে যায়, বুকের ভেতর ভারী হয়ে আসে

ভাবি আজ যা কিছু সত্যি কাল তা পুরোটাই মিথ্যে,

নিনির্মেষে তাকাই দূরে

কেমন যেন ভারী হয়ে আসে গোধূলির আসর।

১৪ নভেম্বর ২০২৬, ঢাকা, ২৯ কার্তিক ১৪৩৩

অপেক্ষা করে না কেউ

চারদিকে শুধু কোলাহল চঞ্চল বিধ্বস্ত সময়

পরিপাটি থেকেও দুঃখে কাটে সন্ন্যাসী জীবন

অপেক্ষা করেনি কেউ দিঘির শেষ ধাপে নেমে

কতো কতো আঙুল জড়িয়েছি সুগন্ধি ফুলে

অপেক্ষা করেনি কেউ ।

বহুবার ভ্রান্তির শ্বাস নিয়েছি বুকের গহীনে

তবুও দিগন্ত ব্যাপিয়া অনন্ত ছুঁয়ে কতো তোলপাড়

জানালা খুলে মেঘের ভেতরে কতো ছুট কতো দোলা

খুব ভালো কুয়াশার উপরে আছে মনের আকাশ

দরজা খুলে একবারও কবিতা দেখোনি বলে ক্ষোভ নেই

অদৃশ্য মাটির তলায় রোদ মরে বেঁচে থাকে বীজ

অমৃতের কথা শুনি ফসলের উৎসাহে

নিশীথ কুসুম ডেকে যায়--কিছুক্ষণ না হয় সুখে থাকো

কেউ নয় কেউ কিছু নয়,খুব কাছের মানুষ

যে যার মতো চলে যায় তার সুসময় হলে

অপেক্ষা করে না কেউ গোধূলি বেলায়।

৭ নভেম্বর ২০২৬, ঢাকা, ২২ কার্তিক ১৪৩৩

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়