প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫
নিঃসঙ্গ দিনের গান
আবদুর নূর রাজ্জাক

আবদুর নূর রাজ্জাক নিঃসঙ্গ দিনের গান
আমাদের বাহুডোরে বাঁধা ছিল
প্রাচীন শতাব্দীর গল্প,
পথ জানা ছিল না—
আমরা শুধুই হেঁটেছি সীমানাহীন অনন্তকালের রথে।
মাথার উপর ঝুলছে আকাশ;
চাঁদ আর নক্ষত্রেরা কথা বলে—
যেই কথা তুমি বলো সমুদ্রের কাছে, বিউগলের সুরে,
আর আমি তা লিখে রাখি প্রস্তরখণ্ডে।
কত ঢেউ এলো আর গেল,
ডানা ঝাপটে পাখিরাও উড়ে গেল দূরে...
আমি কেবল মৃত্যুর পরিসংখ্যানে লিখে চলি—
বেদনার গান, বিরহের গান,
আমার গভীর অন্তর্লোকের গান।








