প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০২:১৮
চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ ডা. ইকবাল হোসেন

চাঁদপুর মেডিকেল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন ডা. মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বর্তমানে নোয়াখালী মেডিকেল কলেজের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক (ইনসিটু) হিসেবে দায়িত্ব পালন করছেন।
|আরো খবর
সোমবার (১০ আগস্ট ২০২৬) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। উপসচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ (পদ আইডি : ২১২৬২৩) হিসেবে দায়িত্ব প্রদান করা হলো।
প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী, তাকে আগামী ১৬ আগস্টের মধ্যে চাঁদপুর মেডিকেল কলেজে যোগদান করতে হবে। এর পূর্বে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করে এইচআরএম ডাটাবেজে 'মুভআউট' এবং নতুন কর্মস্থলে 'মুভইন' সম্পন্ন করার পাশাপাশি যোগদানের পর পিডিএস হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, যোগদানের পর যোগদানপত্রটি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইলে পাঠাতে হবে। (সূত্র : মেডিভয়েস)
এদিকে অধ্যক্ষ পদে পদায়িত হওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করেছেন চাঁদপুর মেডিকেল কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ ডা. ইকবাল হোসেন। সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে তিনি শোকরিয়া জ্ঞাপন করে পোস্ট করেন। তিনি লিখেন, ‘আলহামদুলিল্লাহ, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ পদে পদায়িত হওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া জ্ঞাপন করছি। একই সঙ্গে মাননীয় সরকার, স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এবং সংশ্লিষ্ট সকল সম্মানিত কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।'
ডিসিকে /এমজেডএইচ








