মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬, ১২:৫৯

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে চার সন্তানের জননীর মৃত্যু

মতলবে বিদ্যুৎস্পৃষ্টে চার সন্তানের জননীর মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে নিহত হেলেনা বেগমের স্বজনদের আহাজারি।
রেদওয়ান আহমেদ জাকির

মতলব দক্ষিণ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হেলেনা বেগম (৩৭) নামের চার সন্তানের এক জননীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের মধ্য কলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলেনা বেগম ওই এলাকার মো. শাহজাহান খানের স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দু ছেলে ও দু মেয়ে রেখে গেছেন।

হাসপাতাল ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের নিজ বাসার ছাদে মেলে দেওয়া ভেজা কাপড় বাতাসে ভেসে পাশের বৈদ্যুতিক তারের ওপর পড়ে। সেই কাপড়টি একটি জিআই/গ্যাস পাইপ দিয়ে নামানোর চেষ্টা করার সময় তিনি তীব্রভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। তার ডাক-চিৎকার শুনে ভবনের অন্য বাসিন্দারা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্মরত চিকিৎসক ডা. মেহেদী হাসান জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের এক সদস্য বলেন, "বিদ্যুৎস্পৃষ্টের শব্দ শুনে আমরা দ্রুত ছাদে গিয়ে দেখি তিনি মেঝেতে অচেতন হয়ে পড়ে আছেন। সেখান থেকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।"

ঘটনার সময় নিহতের স্বামী মো. শাহজাহান খান বাসায় ছিলেন না। তিনি উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা বাজারের একজন মুদি ব্যবসায়ী। সকালে তিনি তার ব্যবসা প্রতিষ্ঠানে চলে যান। নিহতের মূল বাড়ি উপাদী উত্তর ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামে হলেও কলাদী এলাকায় নিজেদের নির্মিত দোতলা ভবনে তিনি চার ভাইয়ের পরিবারের সাথে বসবাস করতেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক জানান, এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য তারা জেলা প্রশাসক বরাবর আবেদন করেছেন। অনুমোদন পেলে পরবর্তী আইনি প্রক্রিয়া শেষ করে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়