প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৬, ১০:১২
ফরিদগঞ্জে বিপ্লব ও সংহতি দিবসে মুক্তিযোদ্ধা সংসদের আলোচনা সভা ও দোয়া

ঐতিহাসিক ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। সভায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটোয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবু তাহের, দেলোয়ার হোসেন পাটোয়ারী, আবুল কালাম ও আবু তাহের এবং উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটোয়ারীসহ অন্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা সাহাদাত হোসেন সাবু পাটোয়ারী বলেন, "স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে মুক্তিকামী জনতার মনে যে চেতনার সঞ্চার করেছিলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বন্দিদশা থেকে মুক্ত করে তাঁর হাতে রাষ্ট্রের দায়িত্ব অর্পণ করে সিপাহী-জনতা তার প্রতিফলন ঘটিয়েছিল। এই ঐতিহাসিক দিনটিতেই সিপাহী-জনতার বিপ্লবের মাধ্যমে রক্ষা পেয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব।"
তিনি আরও বলেন, "জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। মুক্তিকামী বীর মুক্তিযোদ্ধাদের বর্তমান দায়িত্ব হলো তাঁর পাশে থেকে একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে সহযোগিতা করা।"
আলোচনা সভাশেষে দেশ ও জাতির কল্যাণ এবং বীর মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।







