প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬, ২১:০৬
খাজুরিয়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন ৫ নভেম্বর

ফরিদগঞ্জ উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের ঐতিহ্যবাহী খাজুরিয়া বাজারের ব্যবসায়ী কমিটির নির্বাচন আগামী ৫ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য এম এ কুদ্দুছ রোকন জানান, মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) দুপুরে খাজুরিয়া বাজারের ব্যবসায়ী কমিটির নির্বাচনের প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে সভাপতি ও সম্পাদকসহ মোট ১২টি পদের জন্য প্রতীক বণ্টন সম্পন্ন হয়েছে।
এই নির্বাচনে বাজারের ৩৪৮জন ব্যবসায়ী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫জন করে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সকল পদে মোট ২৮জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন জানান, শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে আমরা প্রতীক বরাদ্দ শেষে সকল প্রার্থীর সাথে কথা বলেছি। তারা সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করছি ৫ নভেম্বর ব্যবসায়ীরা তাদের পছন্দের ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।








