প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬, ০২:৫০
চাঁদপুর জেলাব্যাপী ধারাবাহিক পুলিশি অভিযানে ১২ মাদক কারবারি ও ২২ কিশোর গ্যাং সদস্য আটক

চাঁদপুর জেলাকে মাদকমুক্ত ও নিরাপদ রাখতে জেলা পুলিশের বিশেষ অভিযানে ৩৪৩ পিস ইয়াবাসহ ১২ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। একই সঙ্গে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ২২ সদস্যকে আটক করা হয়। গত ১৪ অক্টোবর ২০২৬ তারিখে জেলার বিভিন্ন থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
|আরো খবর
চাঁদপুর জেলা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশের তথ্যমতে, চাঁদপুর সদর মডেল থানা এলাকায় ১৬ পিস ইয়াবাসহ ৬ জন, মতলব উত্তর থানা এলাকায় ১০৯ পিস ইয়াবাসহ ৪ জন, হাজীগঞ্জ থানা এলাকায় ১৮ পিস ইয়াবাসহ ১ জন এবং শাহরাস্তি থানা এলাকায় ২০০ পিস ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে, কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে উঠতি বয়সী যুবসমাজকে দূরে রাখতে ফরিদগঞ্জ ও শাহরাস্তি থানায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ফরিদগঞ্জ থানা পুলিশ কিশোর গ্যাংয়ের ৬ সদস্যকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের বিশেষ কাউন্সেলিং করিয়ে প্রথমবারের মতো অভিভাবকদের জিম্মায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, শাহরাস্তি থানা এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ১৬ সদস্যকে আটক করা হয়। পরবর্তীতে তাদেরও কাউন্সেলিং শেষে অভিভাবকদের মুচলেকায় জিম্মায় প্রদান করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
চাঁদপুর জেলা পুলিশ জানিয়েছে, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে তাদের অভিযান অব্যাহত থাকবে। একটি নিরাপদ, শৃঙ্খলাপূর্ণ ও মাদকমুক্ত সমাজ গঠনে জেলার সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতাও কামনা করেছে জেলা পুলিশ।
ডিসিকে /এমজেডএইচ








