প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৬, ২৩:০১
ফরিদগঞ্জে আগুনে বসতঘর পুড়ে যাওয়ায় দিশেহারা এক পরিবার
পূর্বশত্রুতার জেরে আগুন দেওয়ার অভিযোগ।। ফায়ার সার্ভিসের ধারণা শর্টসার্কিট

ফরিদগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে আবুল হোসেন নামের এক ব্যক্তির বসতঘর পুড়ে গেছে। এতে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়।
|আরো খবর
বুধবার (১৪ অক্টোবর ২০২৬) ভোররাতে উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের হোগলি গ্রামের বরকন্দাজ বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে এখন দিশেহারা পরিবারটি।
ক্ষতিগ্রস্ত আবুল হোসেনের দাবি, পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে তার বসতঘরে আগুন লাগিয়ে দিয়েছে। তিনি অভিযোগ করে জানান, ঘটনার আগের দিন (মঙ্গলবার) বিকেলে স্থানীয় নাছরিন আক্তারের সঙ্গে পূর্বশত্রুতা থাকা নাছরুম, বোরহান ও রহমতুল্লাহসহ ৮-১০ জন ব্যক্তি তাদের বসতঘরের চারপাশ ঘুরে দেখে যান। এর আগে তারা তার ভাইকে ফোনে হুমকিও দেন। এরপরই গভীর রাতে কে বা কারা তাদের ঘরে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় আবুল হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনাস্থল পরিদর্শনের পর ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, প্রাথমিক ধারণা অনুযায়ী বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ তদন্ত সাপেক্ষে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর তিনি পেয়েছেন এবং এ সংক্রান্ত একটি লিখিত অভিযোগও গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।








