মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৬, ২১:২১

ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে আলেম-ওলামার সঙ্গে মতবিনিময় সভা

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে আলেম-ওলামার সঙ্গে মতবিনিময় সভা

ফরিদগঞ্জে আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপনের লক্ষ্যে স্থানীয় আলেম-ওলামা এবং রাজনৈতিক ও সামাজিক নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) ফিল্ড সুপারভাইজার মো. আশিকুর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, বারপাইকা মোল্লা বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা ইয়াকুব শরীফ, সাহাপুর মোহাম্মদ চৌধুরী গাজী মাদ্রাসার সুপার মাওলানা আবু তাহের, বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা শাখার সেক্রেটারি মো. সাখাওয়াত হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী প্রমুখ।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুল্লাহ আল মামুন, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা শাখার নেতৃবৃন্দ, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং আলেম-ওলামা।

সভায় বক্তারা বলেন, “দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো প্রতিক্রিয়াশীল বা স্বার্থান্বেষী চক্র যাতে আমাদের ধর্মীয় সম্প্রীতি ও শান্তি বিনষ্ট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”

এ বিষয়ে সচেতনতা সৃষ্টিতে আলেম-ওলামাকে জুমার খুতবায় আলোচনা করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়, যাতে কেউ পূজাকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়