বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ২১:৩৩

ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার মুহাদ্দিস

মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা)’ নির্বাচিত হয়েছেন। তিনি ঐতিহ্যবাহী ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসায় মুহাদ্দিস হিসেবে কর্মরত আছেন। তাঁর এই সম্মাননা কেবল ব্যক্তিগত যোগ্যতার স্বীকৃতি নয়, বরং সুশিক্ষার বিস্তার, মূল্যবোধ সৃষ্টি এবং নীতি-নৈতিকতাভিত্তিক আলোকিত সমাজ গঠনের এক জাতীয় উদযাপন বলে মনে করেন শিক্ষা সংশ্লিষ্টরা।

মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন তাঁর দীর্ঘ শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও কঠোর অধ্যবসায়ের পরিচয় দিয়েছেন। তিনি কেবল শ্রেণিকক্ষের চার দেয়ালের মাঝে বইয়ের পাতায় শিক্ষাদানকে সীমাবদ্ধ রাখেননি; বরং শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে নৈতিক শিক্ষার পাঠ দিয়েছেন। দ্বীনি শিক্ষা ও আধুনিক যুগের চাহিদা—এ দুইয়ের ভারসাম্য রক্ষা করে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নির্মাণের দিকনির্দেশনা দেয়াই তাঁর অনন্য বৈশিষ্ট্য।

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক (মাদ্রাসা) নির্বাচিত হওয়ার পেছনে কাজ করেছে তাঁর বহু বছরের আত্মত্যাগ ও অভিনব শিখন পদ্ধতি।

শিক্ষা মন্ত্রণালয় ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে জাতীয় পর্যায়ে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইনের এমন অর্জন দেশের হাজারো তরুণ ও উদীয়মান শিক্ষককে শিক্ষাসেবায় নিজেদের সমর্পণ করতে গভীরভাবে অনুপ্রাণিত করবে বলে শিক্ষা সংশ্লিষ্টরা মনে করেন। তাঁরা আরও মনে করেন, বর্তমান যুগে যখন নৈতিক শিক্ষার সংকট দেখা যায়, তখন মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইনের মতো শিক্ষাগুরুদের প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি উপলব্ধি হয়। একজন আদর্শ শিক্ষক কেবল পাঠদান করেন না, তিনি একটি যুগের রূপরেখা তৈরি করেন। তাঁর এই প্রাপ্তি গোটা শিক্ষক সমাজের শির উঁচু করেছে এবং শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের বার্তা দিয়েছে।

মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন চাঁদপুর কালেক্টরেট জামে মসজিদের খতিব। বাংলাদেশে মাদ্রাসা শিক্ষার রূপকার মরহুম মাও. এমএ মান্নান (রহ.)-এঁর স্মৃতি বিজড়িত ও দৈনিক ইনকিলাব পত্রিকার নির্বাহী সম্পাদক এম এম বাহাউদ্দীনের যোগ্য নেতৃত্বে পরিচালিত ফরিদগঞ্জ মজিদিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস। তিনি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট গাজীপুরের অনলাইন আরবি ভাষা প্রশিক্ষণ কোর্সের একজন মাস্টার ট্রেইনার। তিনি ছারছীনা দারুচ্ছুন্নাত কামিল মাদ্রাসা থেকে কামিল (হাদিস) ১ম শ্রেণি, চাঁদপুর সরকারি কলেজ থেকে বিএ ও এমএ ১ম শ্রেণি, দারুল উলূম ঢাকা থেকে ইফতা ১ম শ্রেণিতে উত্তীর্ণ হন। জাতীয় বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এর আরবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নজিবুর রহমানের তত্ত্বাবধানে ২০২২ সালে এমফিল ডিগ্রি অর্জন করেন। তারপর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর ড. মুহা. বিলাল হুসাইনের তত্ত্বাবধানে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে পিএইচডি কোর্সে ভর্তি হন। তাঁর গবেষণার বিষয় 'আব্বাসীয় যুগে আরবি অভিধান চর্চা ও বিকাশ'।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়