বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৭

মতলবে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

মতলব ব্যুরো।।
মতলবে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু

মতলব দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছিদ্দিক মিয়াজী (৪৮) নামের এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১টার দিকে উপজেলার নওগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছিদ্দিক মিয়াজী মধ্য নওগাঁও গ্রামের মৃত আব্বাস মিয়াজী ও মানিকজান বেগম দম্পতির ছেলে। দু ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ। মৃত্যুকালে তিনি স্ত্রী, দু ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

পরিবার, পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুরে নিজের অটোরিকশা চালিয়ে নওগাঁও আড়ংবাজার থেকে হাজী মার্কেটের দিকে যাচ্ছিলেন ছিদ্দিক মিয়াজী। অটোরিকশাটি খালি ছিলো। নওগাঁও সেতু এলাকায় পৌঁছালে যানটি আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তিনিসহ সড়কের পাশের জলাবদ্ধ জমিতে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন। স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগের সামনে কান্নাজড়িত কণ্ঠে নিহতের বড় ভাই মো. হায়দার মিয়াজী বলেন, "আমার ভাইটা আগে থেকেই কিছুটা অসুস্থ ছিলো। ওর আয়েই পুরো সংসার চলত। ভাইটা মরে গেলো, এখন তার স্ত্রী ও ছোট ছোট তিনটি ছেলেমেয়ের কী হবে!"

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মানিক অটোরিকশাচালক ছিদ্দিক মিয়াজীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়