প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:১১
ফরিদগঞ্জে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ভাঙন ঝুঁকিতে বসতবাড়ি ও বাগান

ফরিদগঞ্জ পৌর এলাকার চরকুমিরা গ্রামে সরকারি নির্দেশনা অমান্য করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে আশপাশের বসতবাড়ি, ফলদ ও বনজ বাগান এবং কৃষিজমি বিলীন হওয়ার চরম আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। অবৈধ এই ড্রেজার পরিচালনা বন্ধে উপজেলা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন তারা।
স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামের মোহাব্বত আলী হাজী বাড়ির খলিফা বাড়ি সংলগ্ন একটি কৃষিজমিতে ড্রেজার বসিয়ে অবাধে বালু উত্তোলন করা হচ্ছে। এভাবে দীর্ঘ দিন ধরে বালু তোলা হলে আশেপাশের জমি ও বাড়িঘর ধসে পড়ার মারাত্মক ঝুঁকি তৈরি হবে বলে জানান এলাকাবাসী।
ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে থাকা কয়েকজন বাসিন্দা জানান, ড্রেজার দিয়ে ভূগর্ভস্থ বালু তোলার কারণে আশপাশের মাটির তলদেশ ফাঁপা হয়ে মাটি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এতে বসতবাড়ি ও বাগান রক্ষা করা কঠিন হয়ে পড়বে। জনস্বার্থে দ্রুত এই অবৈধ ড্রেজারটি বন্ধ করে আইনানুগ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) দৃষ্টি আকর্ষণ করেন তারা।
অভিযোগের বিষয়ে ড্রেজার পরিচালনাকারী মো. বকুল দাবি করেন, বালু তোলার বিষয়ে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মৌখিক অনুমতি নিয়েছেন। তবে এই দাবি অস্বীকার করে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া বলেন, "ড্রেজার চালানোর জন্য মৌখিক অনুমতি দেওয়ার কোনো সুযোগ নেই বা দেওয়াও হয়নি। বিষয়টি সম্পর্কে আমরা অবহিত হয়েছি এবং শিগগিরই এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।"








