প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩৪
ক্লিন চাঁদপুর ও পরিবেশ আইনবিদ সমিতির ব্যবস্থাপনায় বড় স্টেশন মোলহেডে বৃক্ষরোপণ

ক্লিন চাঁদপুর ও চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির যৌথ ব্যবস্থাপনায় বড় স্টেশন মোলহেড এলাকায় বৃক্ষরোপণ করা হয়েছে। এ সময় মোলহেডের চারপাশে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়।
চাঁদপুর শহরের অন্যতম দর্শনীয় স্থান বড় স্টেশন মোলহেডের সৌন্দর্যবর্ধন ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
শুক্রবার (৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে আয়োজিত এ কর্মসূচিতে ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশকে ‘গ্রিন সিটি, ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চান। তার সেই পরিকল্পনার আলোকে সারা দেশে সবুজায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি ২৫ কোটি গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সহযোগিতায় এবং ক্লিন চাঁদপুরের উদ্যোগে বড় স্টেশন মোলহেডের বিভিন্ন স্থানে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হচ্ছে।
তিনি আরও বলেন, "পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে বেশি বেশি গাছ লাগাতে হবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। শুধু গাছ লাগালেই হবে না, রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও করতে হবে। মানুষের মানসিকতার পরিবর্তনের মাধ্যমেই আমরা একটি সুন্দর ও সবুজ বাংলাদেশ গড়ে তুলতে পারি।" বর্তমান সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি দেশের সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে চাঁদপুর পরিবেশ আইনবিদ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য আইনজীবী, ঢাকাস্থ চাঁদপুর সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ এবং ক্লিন চাঁদপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।








