বুধবার, ০৫ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১১:১৯

চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ‘বিজয়ের দৌড়’ ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুরে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে ছাত্রশিবিরের ‘বিজয়ের দৌড়’ ও আলোচনা সভা

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁদপুর সরকারি কলেজ শাখার উদ্যোগে ‘বিজয়ের দৌড়’ প্রতিযোগিতা ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট ২০২৬) সকাল ৯টায় চাঁদপুর সরকারি কলেজ ক্যাম্পাস থেকে ৩.৬ কিলোমিটার দীর্ঘ এই দৌড় প্রতিযোগিতা শুরু হয়। এতে কলেজ শিবিরসহ বিভিন্ন শাখার প্রায় ৫০০ প্রতিযোগী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দৌড়টি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ১০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করা হয়।

দৌড় প্রতিযোগিতা শুরুর আগে চাঁদপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের হলরুমে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজ শাখা শিবিরের সভাপতি আজমীর হোসেনের সভাপতিত্বে এবং শহর শিবিরের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, "অসংখ্য প্রাণের বিনিময় এবং ত্যাগ, জুলুম ও নির্যাতন সহ্য করে দেশ থেকে ফ্যাসিবাদকে বিতাড়িত করা হয়েছে। জুলাই আন্দোলনের সময় ‘কোটা না মেধা’, ‘আজাদি না গোলামি’ এবং ‘দিল্লি না ঢাকা’র মতো স্লোগান উচ্চারিত হয়েছিল। কিন্তু আমরা লক্ষ্য করছি, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মেধার মূল্যায়নের পরিবর্তে পুনরায় নিজস্ব কোটায় লোকজনকে পদায়ন করছে। যে জাতি মেধার কদর করে না, সে জাতি কখনো উন্নতি করতে পারে না।"

তিনি আরও বলেন, "৪ আগস্ট সারাদেশে যে অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে, তা ছিল সম্পূর্ণ পরিকল্পিত; যার উদ্দেশ্য ছিল মানুষের মন থেকে জুলাইয়ের স্মৃতি মুছে ফেলা। দেশের ৭০ শতাংশ মানুষের গণভোটের রায় যারা মেনে নিতে পারছে না, তারাই এসব অপকর্মের সঙ্গে জড়িত।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির গবেষণা সম্পাদক ফখরুল ইসলাম। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়