প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:৩৫
বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলুর স্মরণসভায় বক্তাগণ
তিনি ছিলেন স্বচ্ছ ও আদর্শবান রাজনীতিবিদ

চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি, স্বচ্ছ রাজনীতির প্রতীক এবং চাঁদপুরে ছাত্রদলের প্রথম কমিটির সভাপতি মাহবুব আনোয়ার বাবলুর মৃত্যুতে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩১ জুলাই ২০২৬) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এই স্মরণ সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
|আরো খবর
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক শোক সভায় তাঁর সভাপতির বক্তব্যে বলেন, এখানে যারা আছেন তারা সবাই বাবলু ভাইকে চেনেন। তিনি চাঁদপুরে ছাত্রদলের প্রথম কমিটির সভাপতি ছিলেন। আজ আমাদের শুধু তাঁর জন্যে দোয়া করা ছাড়া আর কিছুই করার নেই। আমরা যা হারিয়েছি তা আর পাবো না। বাবলু ভাই এমন একজন স্বচ্ছ রাজনীতিবিদ ছিলেন, যিনি কোনোদিন বলেননি—আমি এটা হতে চাই বা এই পদ চাই। সারা বাংলাদেশে এমন একজন নেতা পাওয়া বিরল। আমরা যদি বাবলু ভাইয়ের মতো হতে পারি, তবেই আগামীদিনে আমাদের দল আরও শক্তিশালী হবে এবং আমাদের লক্ষ্য বাস্তবায়ন সম্ভব হবে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক অ্যাড. এ কে এম সলিম উল্যা সেলিমের সঞ্চালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, সিনিয়র যুগ্ম সম্পাদক সেলিমুছ সালাম, যুগ্ম সম্পাদক আক্তার হোসেন মাঝি, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির কোষাধ্যক্ষ আব্দুল কাদির বেপারী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. নূরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল পাটোয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ, সদর উপজেলা ছাত্রদলের সভাপতি জিসান আহমেদ প্রমুখ।
স্মরণ সভায় বক্তারা মরহুমের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে বলেন, বাবলু ভাই বিগত ৪৭ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন, যার কারণে তিনি সকলের কাছে শ্রদ্ধেয় ও সিনিয়র ছিলেন। তাঁর বাবা আসলাম খান চাঁদপুরের প্রথম দৈনিক পত্রিকাগুলোর এজেন্ট ছিলেন।
ব্যক্তিত্বের মূল্যায়ন করে বক্তারা আরও বলেন, বাবলু ভাই অত্যন্ত সহজ-সরল, ভদ্র, মার্জিত এবং সংস্কৃতিমনা একজন মানুষ ছিলেন। বিগত ৫০ বছরেরও অধিক সময়ের রাজনৈতিক ও ব্যক্তিগত পরিচয়ে কেউ তাঁকে কারো সাথে ঝগড়া করতে বা উচ্চস্বরে কথা বলতে দেখেননি।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন জেলা ওলামা দলের সদস্য মাওলানা বেনি আমিন। সভাশেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দলের সভাপতি মাওলানা জসিম উদ্দিন পাটওয়ারী।
দোয়া ও মোনাজাতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়াসহ চাঁদপুর জেলার মৃত্যুবরণকারী নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা এবং দলের অসুস্থ নেতাদের দ্রুত সুস্থতার জন্যে বিশেষ দোয়া করা হয়।
এই স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শনিবার (২৫ জুলাই ২০২৬) রাতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ডিসিকে /এমজেডএইচ








