প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ১৭:০২
কচুয়ায় হেলে পড়লো প্রবাসীর নির্মাণাধীন স্বপ্নের ভবন
৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামে পুকুরে মাছ বিক্রির উদ্দেশ্যে পানি কমানোর কারণে এক প্রবাসীর নির্মাণাধীন ভবন হেলে পড়েছে বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় ভবন মালিক প্রবাসী ও পুলিশের এএসআই মহিউদ্দিন মানিকের প্রায় ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, কচুয়া উপজেলার তেতৈয়া গ্রামের মজুমদার বাড়ির একটি পুকুরে পুনরায় মাছ চাষের জন্যে পানি কমিয়ে মাছ বিক্রির কাজ চলছিলো।
এ সময় পুকুরের পূর্ব পাড়ে নির্মাণাধীন ভবনটি ঝুঁকির মধ্যে পড়ে এবং একপর্যায়ে ভবনের একটি বড় অংশ হেলে পড়ে। এতে ভবনটি বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এবং পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন।
ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ, সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদার ও আবুল হাসানাত মজুমদারকে একাধিকবার সতর্ক করা হলেও তারা তা উপেক্ষা করে পুকুরের পানি কমিয়ে মাছ বিক্রির কার্যক্রম চালিয়ে যান। এর ফলেই ভবনের ভিত্তি দুর্বল হয়ে হেলে পড়ার ঘটনা ঘটেছে।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা আরও জানান, এ ঘটনায় তাদের প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক ইউপি সদস্য সোহরাব হোসেন মজুমদার ও হাসানাত মজুমদারের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
এলাকাবাসীর দাবি, অপরিকল্পিতভাবে পুকুরের পানি নিষ্কাশনের কারণে ভবন হেলে যাবার মতো ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা দ্রুত ঘটনাটি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার জন্যে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন।







