সোমবার, ১৩ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১৮:৫৯

শিক্ষার মানোন্নয়ন ঘটাতে পারলে সকলেই সহযোগিতার হাত বাড়াবে

---- লায়ন ফখরুল আহমেদ ফয়সাল

প্রবীর চক্রবর্তী।।
শিক্ষার মানোন্নয়ন ঘটাতে পারলে সকলেই সহযোগিতার হাত বাড়াবে
ফরিদগঞ্জের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সাল।

ফরিদগঞ্জের গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী লায়ন ফখরুল আহমেদ ফয়সাল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান একটি এলাকাকে এগিয়ে নেওয়ার অন্যতম সোপান। তাই শিক্ষা প্রতিষ্ঠানের লেখাপড়ার মান যত ভালো হবে, ততই ওই এলাকার সার্বিক উন্নয়ন হবে। শিক্ষার মানোন্নয়ন ঘটাতে পারলে সকলেই সহযোগিতার হাত বাড়াবে। তখন প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যার সমাধানে শুধু সরকারের ওপর নির্ভর করে থাকতে হবে না। তারপরও মাননীয় শিক্ষামন্ত্রী যেহেতু আমাদের জেলার সন্তান, তাই আমরা আশা করি গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয়ের সকল সমস্যা সমাধানে সহযোগিতা পাওয়া যাবে। তবে এর আগে ছাত্র, শিক্ষক ও অভিভাবকদের লেখাপড়ার বিষয়ে আরও মনোযোগী হতে হবে। আমি আশা করি, এখানকার শিক্ষকরা আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের নিজেদের সন্তানের মতো মনে করে তাদের ভালো ফলাফলের পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। এছাড়া আমার দাদার নামে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের প্রতি আমার বিশেষ টান থাকাটা স্বাভাবিক।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্যে সাবেক উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডা. আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা চাই, প্রতিষ্ঠানের নবনিযুক্ত সভাপতি লায়ন ফখরুল আহমেদ ফয়সালের নেতৃত্বে এবং শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় গল্লাক নোয়াব আলী উচ্চ বিদ্যালয় উপজেলার অন্যতম শ্রেষ্ঠ ও আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হোক। আমিও আমার অবস্থান থেকে এ প্রচেষ্টায় সর্বোচ্চ সহযোগিতা করবো। প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নত হলে এ এলাকার শিক্ষার্থীদের বাইরে গিয়ে পড়াশোনার প্রয়োজন হবে না। এমনিতেই এলাকাটি একটি আদর্শ শিক্ষা ক্যাম্পাস হিসেবে গড়ে উঠেছে।’

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক ব্যবস্থাপনা কমিটির সদস্য ইমাম হোসেন, বিএনপি নেতা মনির হোসেন পাটওয়ারী, অভিভাবক প্রতিনিধি মামুনুর রহমান ভূঁইয়া, শিক্ষক প্রতিনিধি বজলুর রহমান, বিএনপি নেতা বাবুল মণ্ডল প্রমুখ।

এর আগে বিদ্যালয়ের পক্ষ থেকে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির সভাপতিসহ অন্যান্য সদস্য এবং বিশেষ অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়