প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ২২:৩২
কচুয়ায় চাপ ছাড়াই টিউবওয়েলের মুখে আগুন।। এলাকাবাসীর মাঝে আতঙ্ক

কচুয়া উপজেলার পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে একটি নব-স্থাপিত টিউবওয়েলকে ঘিরে সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য। টিউবওয়েল স্থাপনের পর হাতলে চাপ দেয়ার আগেই মুখ দিয়ে স্বয়ংক্রিয়ভাবে পানি বের হতে দেখা যায়। পরে গ্যাসের উপস্থিতির আভাস মেলে এবং আগুন ধরালে টিউবওয়েলের মুখে দাউ দাউ করে শিখা জ্বলে ওঠে বলে দাবি করেছেন স্থানীয়রা।
|আরো খবর
রোববার (১২ জুলাই ২০২৬) সকালে পালাখাল গ্রামের মিয়াজী বাড়িতে বাচ্চু মিয়ার ছেলে বাবু হোসেন পরিবারের ব্যবহারের জন্যে টিউবওয়েলটি স্থাপন করার সময়, কাজ শেষ হওয়ার আগেই দেখতে পান কোনো চাপ ছাড়াই টিউবওয়েল থেকে পানি অনবরত উঠছে। কিছুক্ষণ পরেই দেখা যায় টিউবওয়েলের মুখে বুদবুদ শব্দ শোনা যায়, যা উপস্থিত মানুষের মধ্যে কৌতূহলের পাশাপাশি উদ্বেগও সৃষ্টি করে।
টিউবওয়েল মিস্ত্রি মোহাম্মদ আলী বলেন, রোববার সকালে আমরা কয়েকজন মিলে ওই বাড়িতে টিউবওয়েল বসানোর কাজ করি। স্থাপন শেষ হওয়ার পর হাতল চাপার আগেই পানি বের হতে দেখি। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় গ্যাস লাইট ধরিয়ে পরীক্ষা করলে সঙ্গে সঙ্গে আগুন জ্বলে ওঠে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম থেকেও মানুষ ঘটনাস্থলে ভিড় জমান। অনেকেই এটিকে ভূগর্ভস্থ গ্যাসের উপস্থিতির ইঙ্গিত বলে মনে করছেন। তবে প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন বলে মত স্থানীয়দের।
নিরাপত্তার স্বার্থে এলাকাবাসী দ্রুত প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। এ ঘটনায় পুরো এলাকায় কৌতূহল ও আতঙ্ক বিরাজ করছে।








