প্রকাশ : ২৫ জুন ২০২৬, ২২:০৪
পরিবেশ দূষণ আইনে আরো দু অটো রাইস মিলকে লাখ টাকা জরিমানা
চাঁদপুরে পরিবেশ দূষণ, নদী ও খাল ভরাটের অভিযোগে আরো দুটি অটো রাইস মিল মালিক থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) দুপুরে পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয় এবং জেলা প্রশাসন যৌথভাবে শহরের নতুন বাজার এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করে।
|আরো খবর
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬ (গ) ধারা লঙ্ঘন করে পার্শ্ববর্তী ডাকাতিয়া নদীতে ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধের গরম পানি ফেলে পানি দূষণ ও ভরাট করা হচ্ছিলো। এ অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে দুটি অটো রাইস মিলকে দোষী সাব্যস্ত করে সর্বমোট ১ লাখ টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়। এর মধ্যে মেসার্স বিসমিল্লাহ অটো রাইস মিলকে ৪০ হাজার টাকা এবং মেসার্স নিউ পূবালী অটো রাইস মিলকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও মো.রহমত উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মিজানুর রহমান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।
পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মিজানুর রহমান জানান, খাল ও নদীতে শিল্প বর্জ্য, ধানের তুষ ও ছাই ফেলার কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জলজ প্রাণী ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়ছে। পরিবেশ সুরক্ষা ও দূষণ প্রতিরোধে পরিবেশ অধিদপ্তরের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।








